দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন কৃতি শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদে বসে সরাসরি অধিবেশন দেখার এক অনন্য সুযোগ পেয়েছেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে শিক্ষার্থীরা এই ঐতিহাসিক সুযোগ লাভ করেন।
দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৮ম এবং ৯ম শ্রেণীতে যারা সম্প্রতি মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে, তাদের মধ্য থেকেই শিক্ষার্থীদের এই সংসদের কার্যক্রম দেখার জন্য নির্বাচিত করা হয়। পরিদর্শন শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার ও শিক্ষাসামগ্রী তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
পরিদর্শনকারী শিক্ষার্থীরা জানান, তাদের জন্য জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন দেখার অভিজ্ঞতা ছিল এক অসাধারণ ও অনুপ্রেরণামূলক ঘটনা। তারা দেশের আইন প্রণয়ন ও সংসদীয় গণতন্ত্রের চাক্ষুষ অভিজ্ঞতা লাভ করেছেন। শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিশেষ উদ্যোগ সম্পর্কে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, “কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং গভীর দেশপ্রেম জাগ্রত করতেই এই চমৎকার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।”
আয়োজক কমিটি জানিয়েছে, দিনব্যাপী কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের জন্য সংসদ ভবনে প্রবেশের সুশৃঙ্খল ব্যবস্থা, বিশেষ আলোচনা সভা, অধিবেশন দর্শন, সুপেয় পানি, টিফিন, ক্যাপ এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান অন্তর্ভুক্ত ছিল। শিক্ষকদের পক্ষ থেকেও সংসদ সদস্যের এই শিক্ষার্থীবান্ধব মহৎ উদ্যোগের প্রশংসা করা হয় এবং নিয়মিতভাবে এ ধরনের আয়োজন চালুর দাবি জানানো হয়।