কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটমও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জিল্লুর রহমান (২৫), মো. কাইয়ুম (২৭) এবং মো. নুরুল হুদা ভুট্টু (২৫)। তাদের সবাই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঈদগাঁও বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে একটি তিন চাকার মিনি টমটম দ্রুতগতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ সেটির পিছু নেয়।
পরে জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকার এরশাদ স্টোর সংলগ্ন সড়কে গাড়িটি থামানো হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামি জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪ হাজার পিস এবং মো. কাইয়ুমের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৬ হাজার পিস, যার ওজন প্রায় ৬০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘SANDI’ লেখা একটি মিনি টমটমও জব্দ করা হয়。
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১২/৭৪, তারিখ ১১ জুন ২০২৬।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।