দেবিদ্বার : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। আকস্মিক এই পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার দায়ে হাসপাতালের ৫ চিকিৎসককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা যায়, গত ২ জুন সকালে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জন চিকিৎসকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। কর্মরত অবস্থায় দায়িত্ব অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ওই ৫ চিকিৎসকের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেন এমপি হাসনাত। তিনি তাৎক্ষণিকভাবে তাঁদের শোকজ করার নির্দেশ দেন।
শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হলেন— ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, ডা. শরীফ উদ্দিন আহমেদ ও কাজী আয়শা সিদ্দিকা। তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়াও হাসপাতালের চিকিৎসাসেবা এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সকল চিকিৎসকদের নিয়ে ব্রিফিং করবেন এবং উক্ত সভার দৈনিক উপস্থিতি শিট সরাসরি এমপির কার্যালয়ে পাঠাতে হবে। এলাকার দরিদ্র মানুষের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে যে কোনো গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।