বাংলাদেশ

খুরুশকুলে শিশু উর্মি হত্যা ও ধর্ষণের ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বিশেষ প্রতিবেদন

Khurushkul Child Urmi Protest

খুরুশকুলে বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভ

কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজের ৫ দিন পর ৯ বছর বয়সী শিশু উর্মি আক্তারের অর্ধগলিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে এবং শিশু উর্মির ধর্ষক ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী, ছাত্র-জনতা ও সামাজিক সংগঠনগুলো。

উল্লেখ্য, গত ২ মে খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হামজার ডেইল কদমতলী এলাকার আব্দুর রশিদের মেয়ে উর্মি আক্তার বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার সন্ধান মেলেনি। ৭ মে বিকেলে স্থানীয় নুরুল ইসলামের বাড়ির কাছে একটি পাহাড়ের ঢালুতে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর জানা যায়, শিশুটিকে পাশবিক নির্যাতনের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়। তার হাত-পা ও মাথার চুল বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়, যা ঘটনার ভয়াবহতা প্রমাণ করে।

আজকের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উর্মির এই অকাল ও নৃশংস মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ একটি নিষ্পাপ শিশুকে এভাবে প্রাণ দিতে হলো। বক্তারা অনতিবিলম্বে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

ভিডিও রিপোর্ট

ভিডিও: শিশু উর্মির ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ