চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ে এক সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে সিবিএ নেতাদের বিরুদ্ধে। নির্বাহী প্রকৌশলীর কক্ষের সামনে সংঘটিত এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে কয়েকজনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, ‘কাজ নাই, মজুরি নাই’ ভিত্তিতে একজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই নিয়োগের বিষয়ে জানতে চেয়ে সিবিএ নেতাদের একটি দল নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনের কক্ষে প্রবেশ করে।
অভিযোগ রয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারী গাজী আইয়ুব, প্লান্ট অপারেটর হাফেজুর রহমান, লাইনম্যান নুরুন নবী, ইলেকট্রিশিয়ান শফিকুল ইসলাম ও গাড়িচালক আইয়ুব আলীর নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল কম্পিউটার সেন্টারে প্রবেশ করে নির্বাহী প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় পরিস্থিতি শান্ত করতে পাশের কক্ষ থেকে সহকারী প্রকৌশলী মাহাদি হাসান এগিয়ে আসেন। অভিযোগ অনুযায়ী, এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে কক্ষের বাইরে টেনে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে।
নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন জানান, দায়িত্ব পালনকালে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা সহকারী প্রকৌশলী মাহাদি হাসান হামলার শিকার হন বলেও তিনি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। হামলার পর অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন গাজী আইয়ুব, হাফেজুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. নুরুন নবী এবং মো. আইয়ুব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক সিদ্ধান্তে তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন বলেন, “একজন নারী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে এ ধরনের আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গ নয়, এটি আইনেরও লঙ্ঘন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।”
ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পিডিবি সূত্রে জানা গেছে।